রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রুমিন ফারহানা-ওসির বাগ্‌বিতণ্ডা: পুলিশের জিডি, তালিকা হচ্ছে থানায় যাওয়া ব্যক্তিদের

মোঃ পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।

একই সঙ্গে সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরির কাজও চলছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় জিডিটি করা হয়। তবে বিষয়টি শুক্রবার সন্ধ্যার পর প্রকাশ্যে আসে।

জিডির বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সংসদ সদস্যের সঙ্গে থানায় যারা এসেছিলেন, তাদের তালিকা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের দাবি, কয়েক দিন ধরেই সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন একাধিকবার ফোন করলেও ওসি সাড়া দেননি। এমনকি তাদের ফোনও ধরেননি তিনি। এ ছাড়া নিরাপত্তা চেয়েও সংসদ সদস্য প্রয়োজনীয় সাড়া পাননি বলে দাবি করেছেন তার কর্মী-সমর্থকেরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সরাইল থানায় গেলে সংসদ সদস্য রুমিন ফারহানা ও ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার পর পুলিশের জিডি এবং থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

তবে জিডিতে কী অভিযোগ উল্লেখ করা হয়েছে এবং এ ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা বিস্তারিতভাবে জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ