
মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোণা: রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ চলাকালে ছাত্র-জনতা শাহবাগের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিব মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক শেখ হাসনাত জনি, মুখ্য সংগঠক জোবায়ের আহমেদ সাজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল এবং নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থী তারেক আবির।
সমাবেশে বক্তারা বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই বর্বরোচিত হামলা ও গুলি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও দাবি করেন, হাদি হত্যার তদন্তভার অনতিবিলম্বে জাতিসংঘের হাতে ন্যস্ত করতে হবে এবং আজকের ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।











