মঙ্গলবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সাবেক বিচারপতি খায়রুলের গ্রেপ্তার ও বিচার দাবিতে নেত্রকোনায় আইনজীবীদের বিক্ষোভ

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০১০ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়ে বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্রকে দুর্বল করেছেন। এই রায়ের মধ্য দিয়েই দেশে একদলীয় শাসনের ভিত্তি রচিত হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমানে উচ্চ ও নিম্ন আদালতের কিছু বিচারক রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছেন এবং বিরোধী মতাবলম্বীদের হয়রানি করছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিচার বিভাগ থেকে দলীয়করণ ও দুর্নীতির অবসান জরুরি বলে মত দেন তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী।

বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অ্যাডভোকেট রোকনউদ্দিন, অ্যাডভোকেট মোশাররফ হোসেন তমাল, অ্যাডভোকেট রাশেদ খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট রহিমা সুলতানা ও অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।

বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে অতীতের দায়মুক্তির সংস্কৃতি ভাঙতে হবে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল জেলা আইনজীবী সমিতি ভবনের চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *