
আলমগীর হােসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাহুতলা গ্রামের রঙ্গু মিয়ার বাড়ীর মোঃ কিবরিয়া স্বপনের ছেলে শামছুদ্দিন (১৬) থাইল্যান্ডী জুয়া খেলতে গিয়ে ঋণের টাকা পরিশোধ না করতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে।
স্থানীয়রা জানান, উপজেলার জয়াগ ইউনিয়নের মাহুতলা গ্রামের রঙ্গু মিয়ার বাড়ীর মোঃ কিবরিয়া স্বপন এর ছেলে শামছুদ্দিন দীর্ঘদিন থেকে থাইল্যান্ডী জুয়া খেলে অনেক দেনা হয়ে যায়। পারিবারিকভাবে দেনা পরিশোধ করার চাপ দেয় সে। থাইল্যান্ডীর জুয়ার ঋণের টাকা দিতে পরিবার অস্বীকার করলে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে স্থানীয়দের অনেকের অভিযোগ।
নিহতের বাবা মোঃ কিবরিয়া স্বপন জানান, আমার স্ত্রী স্কুলে শিক্ষকতা করেন। সকালে সেই স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়। আমি কাজে বাইরে চলে যাই। আমার ৩ ছেলের মধ্যে ছোট ছেলে মোঃ শামছুদ্দিন কোরআনে হাফেজ সামনে এসএসসি পরীক্ষার্থী। সকালে এক সাথে আমরা সবাই নাস্তা করেছিলাম। আমি তাকে বলেছিলাম পরীক্ষা ভালো ভাবে দিতে হবে। পরে আমি ও তার মা ঘর থেকে বাহির হয়ে কর্মে চলে যাই। ঘরে কেউ না থাকার সুযোগে সকাল বেলার কোন এক সময় ছেলে মোঃ শামছুদ্দিন আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। থাইল্যান্ডী জুয়া খেলে ঋণ, বা দেনার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। দুপুর ২টার সময় আমরা বাড়িতে আসলে দেখি ঘরের দরজা ভিতর থেকে লক করা। অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি শামছুদ্দিন সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে সোনাইমুড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে সোনাইমুড়ি থানায় নিয়ে যায়।
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা, থাইল্যান্ডী জুয়ার বিষয়ে আমরা খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।











