
মো. হাসান ভূইয়া, হবিগঞ্জ: হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ধুলিয়াখালে চিকিৎসকের কাছে গিয়েছিলেন আব্দুল কাইয়ুম। চিকিৎসক দেখিয়ে ফেরার পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বাবা-ছেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।











