
মো. এরশাদ আলী, হাটহাজারী : চট্টগ্রামের হাটজারীতে নেশাজাতীয় পানি খেয়ে বিষক্রিয়ায় দুই কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে হাটহাজারী পৌরসভার আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউট প্রকাশ কৃষিফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার রঙ্গিপাড়া হামিদ তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের পুত্র মো. রাসেল (১৭) ও একই এলাকার মো. ইলিয়াসের পুত্র শাকিল (১৫)। তারা সম্পর্কে খালাতো ভাই। পেশায় দুজনে সবজি বিক্রি করতেন।
জানা গেছে, শনিবার দিবাগত রাত বারোটার দিকে নিহতদের কৃষি ফার্ম সড়কে অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে উদ্ধার করে হাটহাজারী সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে চমেক রেফার করে কর্তব্যরত চিকিৎসক। চমেক নেয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সরেজমিন জানতে চাইলে নিহত রাসেলের বড় চাচা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশা জাতীয় কোনো পানীয় অতিরিক্ত পান করায় তাদের প্রাণসঞ্চার হয়েছে। এ সময় কিশোর যুবক মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে মাদকের বিরুদ্ধে লিখার অনুরোধ জানান তিনি। অপরদিকে শাকিলের খালা বলেন, শাকিলের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানেন না।
এসআই রহমত উল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে আছে। রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে তবে প্রাথমিক ধারনা নেশা জাতীয় পানীয় খেয়ে তাদের মৃত্যু হতে পারে। মৃত্যুর সত্যতা জানিয়ে ওসি মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।











