শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরানের জামিন

যায়যায়কাল প্রতিবেদক: ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

আশিকুজ্জামান নজরুল জানান, হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

গত বছরের ৩ মার্চ মানি লন্ডারিং মামলায় ইমরান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় ইমরানসহ তিনজনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, সাদিক অ্যাগ্রো ভুটান, নেপাল, মিয়ানমার ও থাইল্যান্ড থেকে গরু চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দেশে নিয়ে আসে। এছাড়া প্রতিষ্ঠানটি দেশি গরু ও ছাগল বিদেশি জাতের বলে বেশি দামে বিক্রি করত বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালে ১৫ লাখ টাকার একটি ছাগল বিক্রির ঘটনায় বিতর্কের পর প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। ছাগলটি তারা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের কাছে বিক্রি করেছিল বলে জানা গেছে।

পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডসহ একাধিক সংস্থা সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে তদন্ত শুরু করে। তবে মামলার চার্জশিটে ১ কোটি ৩৩ লাখ টাকা পাচারের কথা উল্লেখ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ