
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় তিনটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠান তিনটিকে মোট ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুরুতর অনিয়মের অভিযোগে একটি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ এলাকায় এ বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্লাহ।
অভিযানকালে আগ্রাবাদের চিটাগাং ডেইরি ফুড নামের একটি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটিতে ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ নামে একটি গুঁড়া দুধ বাজারজাত করা হচ্ছিল। পণ্যটির বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন না থাকলেও প্যাকেটে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়া দুধের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হয়। পরে এসব পণ্য পুনরায় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযানে প্রমাণ পাওয়া যায়।
অভিযানকারীরা আরও দেখতে পান, ‘ফুল ক্রিম গুঁড়া দুধ’ হিসেবে দাবি করে পণ্যটি বিক্রি করা হলেও তা কোনো যথাযথ ফর্মুলা বা নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে প্রস্তুত করা হচ্ছিল না। পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন, মোড়কজাতকরণ ও সংরক্ষণস্থলের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। সংরক্ষিত পণ্যের মধ্যে ক্ষতিকর পোকামাকড়ও দেখা যায়।
এসব গুরুতর অনিয়মের দায়ে চিটাগাং ডেইরি ফুডকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।
অভিযানের দ্বিতীয় পর্যায়ে মা ও শিশু হাসপাতালসংলগ্ন জনতা ফার্মেসিতে তদারকি করা হয়। সেখানে বিক্রির উদ্দেশ্যে তাকের সামনে সাজিয়ে রাখা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া সরকার কর্তৃক অনুমোদনহীন বিদেশি ওষুধও জব্দ করা হয়। এসব অনিয়মের দায়ে ফার্মেসিটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, আগ্রাবাদ সিডিএ ব্যাংক কলোনির সামনে বার্গার বাইট নামের একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বাজারে নকল, ভেজাল ও অননুমোদিত পণ্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর ও জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।











