
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতার আলোচনায় রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন ইসলাম। আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না হলেও ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার তৎপরতা ও গণসংযোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে আল আমিনের। তিনি মাধবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি ও সংবাদকর্মী। এছাড়া মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার সম্পৃক্ততা। জাগরণ আইডিয়াল একাডেমি, শিশু কানন বিদ্যানিকেতন, আলিফ আইডিয়াল একাডেমি, ফারহান বিদ্যানিকেতন ও সেরু মিয়া-রাণু বেগম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে তিনি যুক্ত রয়েছেন।
রাজনৈতিক জীবনে আল আমিন মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আদাঐর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিলেট বিভাগীয় ছাত্র ফোরামের সাবেক সহসভাপতিও ছিলেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কারণে এলাকায় আল আমিনের পরিচিতি রয়েছে। এলাকার কেউ বিপদে পড়লে সহযোগিতার জন্য পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়া এবং রাস্তার পাশে ঝোপঝাড় পরিষ্কারসহ স্থানীয় সমস্যা সমাধানে নিজেই মাঠে নামার ঘটনাও স্থানীয়দের আলোচনায় রয়েছে।
ইউনিয়নের কয়েকজন বাসিন্দার মতে, এসব কর্মকাণ্ডের কারণে আল আমিনের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগ্রহ তৈরি হয়েছে। তাদের ধারণা, তিনি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারেন। এমনকি কেউ কেউ তাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফেভারিট হিসেবেও দেখছেন।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা হয়নি। ফলে নির্বাচনী মাঠের চূড়ান্ত সমীকরণও স্পষ্ট নয়।
আল আমিন ইসলাম বলেন, “আমি এলাকারই সন্তান। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি জানান, সুযোগ পেলে এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করতে চান।
এদিকে আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য অন্যান্য প্রার্থীদের তৎপরতাও রয়েছে। ফলে শেষ পর্যন্ত কে প্রার্থী হচ্ছেন এবং ভোটের মাঠে কার অবস্থান কতটা শক্ত হয়, সেটিই এখন দেখার বিষয়।











