সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নায়িকা স্নিগ্ধা চৌধুরীর

যায়যায়কাল প্রতিবেদক: বিজ্ঞাপনচিত্রে চুক্তির কথা বলে ডেকে নিয়ে হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী (ইসরাত জাহান)। অভিযোগ আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় গত রোববার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগে স্নিগ্ধা চৌধুরী বলেন, গত শুক্রবার বিজ্ঞাপনচিত্রের চুক্তির কথা বলে তাকে খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে গিয়ে তাকে অন্য এক নারী ভেবে মারধর করা হয়। তার দাবি, একপর্যায়ে নজরুল ইসলাম ভূঁইয়া তার দিকে শটগান তাক করেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরেন এবং কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় চুল ধরে টানাহেঁচড়াও করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

স্নিগ্ধার ভাষ্য, তিনি ঘটনার কারণ জানতে চাইলে নজরুল ইসলাম ভূঁইয়া তাকে ‘জেবা টাকিয়া’ ভেবে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন। তখন তিনি নিজেকে জেবা টাকিয়া নন বলে জানালেও তা বিশ্বাস করা হয়নি।

অভিযোগে আরও বলা হয়, তার মুখ চেপে ধরে জোর করে নেশাজাতীয় দ্রব্য পান করানো হয়। পরে অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে গেলে রাত সাড়ে ১১টার দিকে কৌশলে সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আশিয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মিডিয়া ও কমিউনিকেশনস) সৈয়দ শফিকুল ইসলাম এক লিখিত বিবৃতিতে জানান, চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’।

তার দাবি, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। তাই প্রতিষ্ঠানটি আইন ও বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে তারা বিশ্বাস করে।

একই সঙ্গে লিখিত বিবৃতিতে আশিয়ান গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, বিচারাধীন বিষয়ে একতরফা অভিযোগ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সব পক্ষের বক্তব্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। অভিযোগের বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা নির্ধারিত হবে।

এদিকে সোমবার বিকেলে স্নিগ্ধা চৌধুরী তার বনানীর বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানান। সেখানে তিনি তার সঙ্গে ঘটা নির্যাতনের বর্ণনা দিয়ে নজরুল ইসলাম ভূঁইয়ার বিচার চেয়েছেন।

স্নিগ্ধা চৌধুরী বলেন, বিচার না পেলে আত্মহত্যা করবেন। আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিদের নাম লিখে রেখে যাবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ