রবিবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এক বোনের ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, গ্রেপ্তার হয়নি; ছোট বোনও দলবদ্ধ ধর্ষণের শিকার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর দুই আসামি এখনো পলাতক।

অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। সম্প্রতি ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়। গত ২৩ নভেম্বর কিশোরীর বাবা কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার প্রধান আসামি মো. শিপন (২২) গ্রেপ্তার হয়েছেন। তার সহযোগী সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) এখনো পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর বাবার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার ১৭ বছর বয়সী মেয়েকে বাড়ি থেকে নিয়ে যান শিপন। পরে শিপনসহ তার দুই সহযোগী তাকে ধর্ষণ করেন। এ সময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করেন এবং কাউকে কিছু জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। গত ২২ নভেম্বর মেয়ের ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি বিভিন্নজনের কাছ থেকে জানতে পারেন। পরে মেয়ের কাছে ঘটনার বিস্তারিত শুনে এলাকার লোকজনকে বিষয়টি জানান। একপর্যায়ে স্থানীয় লোকজন শিপনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও ২২ ধারায় রেকর্ড করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বড় বোনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন, আসামি পলাতক

কিশোরীর পরিবারের জন্য এ ঘটনা নতুন কোনো সংকট নয়। প্রায় ১৪ বছর আগে তার বড় বোনও ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই বোন বাক্‌প্রতিবন্ধী।

পরিবারের অভিযোগ, ২০১২ সালে রাজীব হোসেন নামের এক যুবক তাকে ধর্ষণ করেন। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে কাউকে বিষয়টি জানাতে পারেননি। পরে অন্তঃসত্ত্বা হওয়ার পর ঘটনা প্রকাশ্যে আসে।

ভুক্তভোগীর বাবা জানান, ওই ঘটনায় আদালতে মামলা করেন তিনি। ধর্ষণের শিকার মেয়েটি পরে একটি ছেলেসন্তানের জন্ম দেন। বর্তমানে শিশুটির বয়স প্রায় ১৩ বছর। গত বছরের ডিসেম্বরে আদালত ওই মামলায় অভিযুক্ত রাজীব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বিদেশে অবস্থান করছেন বলে শুনেছেন ওই বাবা।

দুই মেয়ের ধর্ষণের ঘটনায় বিচার পেতে গিয়ে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন পরিবারটির প্রধান উপার্জনকারী কৃষক বাবা।

তিনি বলেন, বড় মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে এক যুগের বেশি সময় ধরে মামলার খরচ চালাতে হয়েছে। এতে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়ের ঘটনায় নতুন করে মামলা পরিচালনার খরচ কীভাবে বহন করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

তিনি দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আগের মামলার বিষয়ে জানতে চাইলে ওসি রোমেল বড়ুয়া বলেন, দায়িত্ব নেওয়ার আগে ওই ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর বিষয়টি জেনেছেন। আগের মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে এবং তিনি এলাকায় অবস্থান করলে তাকেও আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে নোয়াখালী নারী অধিকার জোটের সাবেক সভাপতি লায়লা পারভীন বলেন, ‘প্রথম ঘটনার বিচার যদি দ্রুততম সময়ের মধ্যে হতো, তাহলে ওই পরিবারটিকে দ্বিতীয় ঘটনার মুখোমুখি হতে হতো না। এটি বিচারে দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার একটি উদাহরণ।’

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ