বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুই মহাসড়ক, পুলিশ বক্সে আগুন; ১০২ কারখানায় উৎপাদন ব্যাহত

গাজীপুর প্রতিনিধি: শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় অচল হয়ে পড়ে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এদিকে গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুরের পর তাতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সব মিলিয়ে ১০২টি কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আটটা থেকে গাজীপুর নগরের নাওজোড়, কোনাবাড়ী, জরুন, মৌচাক, তেলিরচালা এবং গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রী, পরিবহনচালক ও সাধারণ মানুষ।

শ্রমিক মৃত্যুর গুজব ঘিরে কোনাবাড়ীতে উত্তেজনা

সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতির অবনতি ঘটে। এ খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একইভাবে সকাল থেকে মৌচাক ও তেলিরচালা এলাকায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ বক্স ভাঙচুর, মহাসড়কে আগুন

দুপুর পৌনে ১২টার দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে আবারও বন্ধ হয়ে যায় যান চলাচল।

বিক্ষোভের একপর্যায়ে গাজীপুরা এলাকায় মহাসড়কের পাশে থাকা একটি পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালানো হয়। সেখান থেকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল বের করে সড়কে ফেলে দেওয়া হয়। পরে আশপাশ থেকে লাকড়ি সংগ্রহ করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শ্রমিকেরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১০২ কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শ্রীপুর ও গাজীপুর নগরের কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

তিনি জানান, শ্রমিক বিক্ষোভের কারণে অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দুই গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচলও বিঘ্নিত হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ