শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গীতাপাঠ ও ধর্মীয় আলোচনায় টিএসএস’র ১৫ বছর পূর্তি উদযাপন

মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সনাতন ধর্মের চিরন্তন আদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধকে ধারণ করে গৌরবময় ১৫ বছরের পথচলা পূর্ণ করেছে তরুণ সনাতন সংঘ (টিএসএস)।

সংগঠনের ১৫ বছর পূর্তি উপলক্ষে সিলেটে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র গীতাপাঠ, আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট মহানগরের মীরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর মন্দিরে টিএসএস কেন্দ্রীয় কমিটি ও সিলেট মহানগর কমিটির সার্বিক তত্ত্বাবধানে এ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার অমৃতবাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গুরুকূল জ্ঞান গৃহের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কণ্ঠে গীতাপাঠে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক পবিত্র, শান্ত ও ভাবগম্ভীর পরিবেশ।

গীতার শাশ্বত বাণীকে হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায়, ধর্ম, মানবতা ও পরোপকারের আদর্শে তরুণ সমাজকে আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দ্বীপ রায়ের সভাপতিত্বে এবং প্রিয়াংকা দে-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নৃপেন্দ্র দাশ, গৌরপদ রায়, দিলীপ কুমার দাশ, মৃণাল কান্তি চৌধুরী, নিপ্রেশ তালুকদার (রানু), দীপক দে, কুমুদ রঞ্জন তালুকদার, কাকলি বৈষ্ণব, সোমা চৌধুরী ও অনন্ত সূত্রধর।

আলোচনায় বক্তারা বলেন, ধর্ম কেবল আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; ধর্মের প্রকৃত শিক্ষা হলো সত্য, ন্যায়, মানবতা, দয়া, পরোপকার ও জীবসেবার আদর্শে নিজেকে নিয়োজিত করা। শ্রীমদ্ভগবদ্গীতার শাশ্বত জ্ঞান ও সনাতনী সংস্কৃতির মহৎ আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের পথচলায় তরুণ সনাতন সংঘ ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে। ভবিষ্যতেও সনাতন ধর্মের শাশ্বত আদর্শকে ধারণ করে সমাজ ও মানবকল্যাণে টিএসএস-এর কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভ মল্লিক, জিতু দাশ, বিবেক কর্মকার, রঞ্জু দে, প্রবাল রায়সহ টিএসএস-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, শুভানুধ্যায়ী এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

পবিত্র গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, সমবেত প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয় তরুণ সনাতন সংঘের ১৫ বছর পূর্তির এই আয়োজন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও উচ্চারিত হয় সনাতন ধর্মের সেই চিরন্তন আহ্বান—সত্য, ধর্ম, মানবতা ও সেবার পথে এগিয়ে চলা।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে প্রার্থনা—তরুণ সনাতন সংঘের পথচলা হোক আরও সুদৃঢ়, কল্যাণময় ও আলোকিত। লোককল্যাণ ও ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠায় সংগঠনটি আগামী দিনগুলোতেও নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে এগিয়ে যাক—এই হোক সকলের প্রার্থনা।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ