
উত্তম দাস, খুলনা: দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহের নিশ্চয়তা ছাড়াই বিপুল অর্থ ব্যয়ে নির্মিত রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ ও জ্বালানি খাতের সংগঠকরা।
তাদের দাবি, গ্যাসের অনিশ্চয়তা দূর করতে অন্য বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ কমানো কিংবা ব্যয়বহুল ডিজেল ব্যবহারের পরিবর্তে প্রকল্পটি পুনর্মূল্যায়ন করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলনায় এ দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধ্রুব-এর উদ্যোগে এবং ক্লিন ও বিডাব্লিউজিইডির সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে পরিবেশকর্মী, জ্বালানি খাতের সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ধ্রুব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, ইউএনডিপির রাজিয়া সুলতানা মিলি, রেশমা খাতুন মিতু, সাংবাদিক উত্তম দাসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কমিশনিংয়ের জন্য ১০৭ দিনের অস্থায়ী গ্যাস সরবরাহের আশ্বাস দেওয়া হলেও বাণিজ্যিক উৎপাদনের জন্য দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ এখনো নিশ্চিত হয়নি। জ্বালানি সরবরাহের নিশ্চয়তা ছাড়া এ ধরনের বড় প্রকল্প গ্রহণ দেশের জ্বালানি পরিকল্পনার দুর্বলতা ও দূরদর্শিতার অভাবকে সামনে নিয়ে এসেছে।
তাঁদের মতে, বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি সংকট মোকাবিলায় অন্য কেন্দ্রের গ্যাস সরবরাহ কমানো হলে সামগ্রিক বিদ্যুৎ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে ডিজেল ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়িত হলে উৎপাদন ব্যয় আরও বাড়বে, যা শেষ পর্যন্ত দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে।
বক্তারা আরও বলেন, একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিপুল সরকারি অর্থ বিনিয়োগের পর জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের পরিস্থিতিতে নতুন করে জীবাশ্ম জ্বালানিনির্ভর অবকাঠামো গড়ে তোলার পরিবর্তে বিদ্যমান প্রকল্পের বাস্তবতা, অর্থনৈতিক কার্যকারিতা ও পরিবেশগত প্রভাব পর্যালোচনা করা প্রয়োজন।
তাঁরা রূপসা বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ ও স্বাধীন মূল্যায়নের দাবি জানান। একই সঙ্গে প্রকল্পটির সম্ভাব্য বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ থেকে বলা হয়, জ্বালানি পরিকল্পনায় দীর্ঘমেয়াদি সরবরাহ, উৎপাদন ব্যয়, পরিবেশগত প্রভাব এবং জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো নয়, বরং সাশ্রয়ী, টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাই হওয়া উচিত জাতীয় অগ্রাধিকার।











