
গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।
আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সোমবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়েছিল। সেই বিক্ষোভে উপাচার্যের অবরুদ্ধ দশা চলতে থাকে মধ্যরাত ১২টা পর্যন্ত।
বিক্ষোভ–অবরোধ চলার মধ্যে রাত ১০টায় উপাচার্য দপ্তরে হওয়া জরুরি সিন্ডিকেট সভায় তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়ে অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি এবং বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সভায় আলোচনা হয়।
আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দেন। তাঁরা ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে ‘লকডাউন’ ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।











