
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): পাঁচ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ‘সাপ্তাহিক হবিগঞ্জের খবর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জ্যেষ্ঠ সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনাকে রহস্যজনক ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন স্থানীয় সাংবাদিক নেতারা। তাঁরা গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং হুমায়ুন কবিরের মুক্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় হুমায়ুন কবিরকে আটক করে রাখার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পাঁচ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হলে পুলিশ মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখায়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ওলিদ মিয়া বলেন, চা-বাগানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে আসছেন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবির। তাঁর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে আটকের ঘটনায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাংবাদিক গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের পূর্বানুমতি সংক্রান্ত সরকারের নীতিগত সিদ্ধান্ত উপেক্ষা করা হয়েছে কি না, সে প্রশ্ন তুলে অবিলম্বে হুমায়ুন কবিরের মুক্তি দাবি করেন তিনি।
মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আজিজুর রহমান জয় বলেন, ‘হুমায়ুন কবির সত্যিই চাঁদা দাবি করেছেন, নাকি কোনো পক্ষ কৌশলে সাংবাদিক সমাজকে বিতর্কিত করার চেষ্টা করেছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।’ সাংবাদিক গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের পূর্বানুমতি সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম সদস্য, সাংবাদিক ও উদ্যোক্তা শাবানা চৌধুরী এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বলেন, মাত্র পাঁচ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে ‘হবিগঞ্জের খবর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হুমায়ুন কবিরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় হুমায়ুন কবিরকে আটক রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।











