শুক্রবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাকলিয়ায় প্রকাশ্যে ছোবহানকে কুপিয়ে হত্যা, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মোহাম্মদ ছোবহান (৩৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বাকলিয়া এলাকার বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

নিহত ছোবহান নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার বাসিন্দা মোহাম্মদ নুর ইসলামের ছেলে।

সমাবেশে বক্তব্য দেন পূর্ব বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা রাসেল, নিহতের বড় ভাই বাদশা, স্ত্রী রেখা ও বোন হাসিনা। এ সময় নিহতের শিশু কন্যা রাইসাও উপস্থিত ছিল। পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে প্রেসক্লাব চত্বরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১১ নভেম্বর রাতে এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য ও সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে ছোবহানের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শওকত, শাহ আলম ও নাছিরসহ কয়েকজন জড়িত বলে তাঁরা দাবি করেন। হত্যাকাণ্ডের পর থেকে বাকলিয়া এলাকায় শোক, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলেও উল্লেখ করেন বক্তারা।

বাবার ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে শিশু রাইসা। সে বলে, ‘সন্ত্রাসীরা আমার বাবাকে নির্মমভাবে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার বাবাকে আর কখনো ফিরে পাব না। আমাকে আর কেউ আদর করে বাবা বলে ডাকবে না। যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদের সবার ফাঁসি চাই।’

নিহতের স্ত্রী রেখা বলেন, ‘আমার নিরপরাধ স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে আমাকে বিধবা এবং আমার অবুঝ সন্তানকে এতিম করা হয়েছে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্বামী হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

নিহতের বড় ভাই বাদশা অভিযোগ করেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা এখনো এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। উল্টো মামলা তুলে নিতে তাঁদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি অবিলম্বে সব অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নিহতের বোন হাসিনাও ভাই হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।

সমাবেশে যুবদল নেতা রাসেলসহ অন্যান্য বক্তা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শওকত, শাহ আলম, মো. নাসির ও রমজানসহ মোমেনা বেগম, মো. বিল্লাল, মো. ইউছুপ, আরিফ, লিয়াকত, হাজেরা, মনির, আমির হোসেন, রাসেল মুছা ও মো. মুছাকে গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় বাকলিয়াবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন, পুলিশ কমিশনারের কার্যালয় ও থানা ঘেরাও এবং সড়ক অবরোধের কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধনে নিহত ছোবহানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্রতীকী ফাঁসির দড়ির পোস্টার নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ