রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বায়েজিদে যুবদল কর্মী জীবন হত্যা মামলায় গ্রেপ্তার ৩

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকায় যুবদল কর্মী আবু ইউসুফ ওরফে জীবন হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার ২ নম্বর আসামি মো. মেহেদী হাসান বাদশা (২৫), ৬ নম্বর আসামি মো. নাবিদ ওরফে শাহরিয়াজ আলম (২৪) এবং ৮ নম্বর আসামি রাপিদ ওরফে মূতাবিদ আলম (২৮)। তাঁদের সবার বাড়ি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কুঞ্জছায়া এলাকায়।

র‍্যাব জানায়, নিহত আবু ইউসুফ ওরফে জীবন পরিবারসহ বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি আইসক্রিম কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন। একসময় অভিযুক্তদের সঙ্গে রাজনীতিতে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে রাজনীতি ছেড়ে দেওয়া এবং পক্ষ পরিবর্তনকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

এর জেরে গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে কুঞ্জছায়া আবাসিক এলাকায় লাঠিসোঁটা ও ধারালো ছুরি নিয়ে জীবনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২৮ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলা নম্বর ৪৭। এতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরে দণ্ডবিধির ৩০২ ধারাও সংযোজন করা হয়।

র‍্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার এজাহারভুক্ত তিন পলাতক আসামি লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর রাত থেকে ২২ নভেম্বর ভোর পর্যন্ত র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১১-এর সিপিসি-৩, নোয়াখালীর একটি যৌথ দল কমলনগর ও রামগতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ