
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ভোলাচং ফুটবল খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
ভোলাচং ফুটবল খেলা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দা। দীর্ঘদিন পর এমন বড় পরিসরের ফুটবল আয়োজন ঘিরে তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ভিপি জহিরুল হক খোকন এবং রামরাইল ইউপি বিএনপির সভাপতি আবু হানিফ অলি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিপি শামীম, আলী আজম, মোঃ মনির হোসেন, মাইনুল হোসেন চপল, তানিম শাহেদ রিপন, শামীম মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, মোঃ নূরুল হুদা, আলহাজ্ব মোঃ সাব্বির আহমেদ খান, সালাউদ্দিন আহমেদ, বাবুল খন্দকার ও শাহগীর আলম সাকন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ক্রীড়ানুরাগীরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করাই এ টুর্নামেন্টের অন্যতম প্রধান লক্ষ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মাঠে শুরু হয় টুর্নামেন্টের মূল খেলা। খেলা দেখতে ভোলাচং ফুটবল মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে পুরো সময়জুড়ে দর্শকদের করতালি, উল্লাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ।
আয়োজকরা জানান, ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, দর্শক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।











