
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’, এই প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকবিরোধী সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরাইল সদর ইউনিয়নের গুনারা গ্রামে গুনারা গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন গুনারা মান্নানীয়া দরবার শরিফের পীর সাহেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল থানার সদর বিট অফিসার এসআই ইউনুস, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম, সুরুজ মেম্বার, যুবদল নেতা মন্নর আলী, কামাল পাঠান, মন মিয়া সর্দার, এলেম মিয়া সর্দার, সোহেল মাস্টার, মাওলানা কাওছার, মুসা মিয়া, মোতাহার মিয়া ও আলী মিয়া সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি সমাজে অপরাধ ও অস্থিরতা বাড়ায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি গুনারা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, গুনারা গ্রামকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে।
একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের কথাও জানান তারা।











