
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী (রাশেদ চৌধুরী) অভিযোগ করেছেন, এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও সম্পাদিত ছবি-ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় নগরীর কাজীর দেউড়ির সিডিএ মার্কেটের দ্বিতীয় তলায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রতিবাদ ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সারওয়ার, বিএনপি নেতা শফিকুল ইসলাম খোকন, বেলায়েত হোসেন, নিজামুদ্দিন, শাহজাহান মিন্টু, ফজল আলী, মো. ইলিয়াস, মোহাম্মদ রফিক, সাইফুল আজম উল্লাস, নাজমুল হোসাইন, ইসমাইল সরকার, মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ শফিকুল ইসলাম ও মো. হানিফসহ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় রাশেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডকে শান্তিপূর্ণ, নিরাপদ এবং মাদক ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তিনি। এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসা বন্ধে অবস্থান নেওয়ার কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও সম্পাদিত ছবি-ভিডিও প্রচার করছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এসব প্রচারের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তবে কোনো ধরনের ভয়ভীতি বা অপপ্রচারে অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান পরিবর্তন হবে না।
অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে রাশেদ চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর লিংক, স্ক্রিনশট ও ডিজিটাল তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।
এলাকাবাসীকে বিভ্রান্তিকর তথ্য ও সম্পাদিত ভিডিও দেখে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাঁর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সারওয়ার, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ নেতারা রাশেদ চৌধুরীর বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগের নিন্দা জানান।
নেতারা বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও রাশেদ চৌধুরী দলের পক্ষে কাজ করেছেন। সে সময় কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার মতো প্রার্থী পাওয়া কঠিন হলেও তিনি দলের সম্মান রক্ষায় প্রার্থী হয়েছিলেন বলে দাবি করেন তাঁরা। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে বিভিন্ন মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন নেতারা।
তাঁদের অভিযোগ, বর্তমানে এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তার অবস্থানের কারণে একটি মহল সম্পাদিত ছবি ও ভিডিও প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতারা। একই সঙ্গে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপি রাশেদ চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।











