মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদারবাড়ীতে হেলে পড়া ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সপ্তম তলার নির্মাণকাজ

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন মাদারবাড়ী এলাকার একটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবনে সপ্তম তলার নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, চারতলা নির্মাণের অনুমোদন নিয়ে ভবনটি ছয়তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। বর্তমানে ভবনটি একদিকে হেলে পড়েছে। এমন পরিস্থিতিতেও নির্মাণকাজ অব্যাহত থাকায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মাদারবাড়ী নিরিবিলি আবাসিক এলাকায় অবস্থিত ভবনটি একদিকে হেলে রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ভবনটির মালিক শামসুল হক ও মাহবুব বলে জানা গেছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ভবনটির অবস্থান হওয়ায় আশপাশের বাসিন্দারা সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে ভবনটির জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছ থেকে চারতলার নকশা অনুমোদন নেওয়া হয়েছিল। ওই নকশার বাইরে গিয়ে পরবর্তী সময়ে ভবনটি ছয়তলা পর্যন্ত নির্মাণ করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে অনুমোদিত নকশা ও ভবন নির্মাণসংক্রান্ত নথিপত্র স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ভবনটির কাঠামোগত অবস্থা ঝুঁকিপূর্ণ এবং এটি একদিকে হেলে পড়েছে। এর মধ্যেই সপ্তম তলার নির্মাণকাজ চালানো হচ্ছে। এতে ভবনটির পাশাপাশি আশপাশের বাড়িঘর ও মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ভবন মালিক শামসুল হক ও মাহবুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত পরিদর্শক জাফর ইকবাল জানান, ভবনটির বিষয়ে সিডিএর কাছে একটি লিখিত অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা সরেজমিনে ভবনটি পরিদর্শন করেছেন। পরে মালিকপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিডিএ কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এখনো মালিকপক্ষ সেই নির্দেশ পালন করেনি বলে জানান তিনি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পাশের কয়েকটি ভবনের মালিক বলেন, ভবনটি হেলে পড়ায় তারা পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণকাজ অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবনটির কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করা, নির্মাণকাজের বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

কোনো ধরনের প্রাণহানি বা বড় দুর্ঘটনা ঘটার আগেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *