রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে বীরাঙ্গনার বাড়িঘরে ভাঙচুর, ভয়ে বাড়িছাড়া মা-মেয়ে

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে উপজেলার গেজেটেড বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মাজেদা বেগমের বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে তাঁর সৎ ছেলেদের বিরুদ্ধে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় মাজেদা বেগম ও তাঁর মেয়ে শামসুন্নাহার বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে জানিয়েছেন তাঁরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) মাধবপুর থানায় দেওয়া লিখিত অভিযোগে মাজেদা বেগম বলেন, উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বসতবাড়িতে বেলা আনুমানিক ২টার দিকে কয়েকজন গিয়ে ঘরের টিন ও চালের টিন ভাঙচুর করেন। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর।

অভিযোগে মুনির হোসেন, আমির হোসেন ও জাহাঙ্গীর হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। মাজেদা বেগমের দাবি, অভিযুক্তরা তাঁর সৎ ছেলে। পারিবারিক ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাঁদের বিভিন্নভাবে হয়রানি ও চাপ দেওয়া হচ্ছে।

মাজেদা বেগম বলেন, বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার সালিশ হয়েছে। সালিশে ১৯ শতক জমি থেকে তাঁকে বাড়ি নির্মাণের জন্য ২ শতক জায়গা দেওয়া হয়। কিন্তু এখন ওই ২ শতক জায়গাটুকুও দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

“আমি ও আমার মেয়ে এখন ভয়ে বাড়িতে থাকতে পারছি না। অন্য জায়গায় অবস্থান করছি। সালিশ করে যে দুই শতক জায়গা আমাকে বাড়ি করার জন্য দেওয়া হয়েছিল, সেটুকুও তারা নিয়ে নিতে চাচ্ছে,” বলেন মাজেদা বেগম।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের ভয়ে তিনি ও তাঁর মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন তিনি।

এর আগে নির্যাতন ও হয়রানির অভিযোগে মাধবপুর থানায় আরও দুইবার অভিযোগ করার কথা জানিয়েছেন মা-মেয়ে। তাঁদের দাবি, বাড়িঘর ও জমি নিয়ে বিরোধের বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আমির হোসেন ও জামাল মিয়া বলেন, এসব জায়গা তাঁদের মালিকানাধীন। নির্যাতন ও হয়রানির অভিযোগ অস্বীকার করেন তারা। বর্তমান অভিযোগে নাম থাকা অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ