বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাউজানে প্রবাসীর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি, সরকারের হস্তক্ষেপ কামনা

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার জঙ্গল রাউজান এলাকায় এক প্রবাসী পরিবারের সদস্যদের প্রকাশ্যে ‘মেরে লাশ গুম’ করার হুমকি ও অনবরত চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ও রফিক প্রকাশ কংকর রফিক গ্যাংয়ের বিরুদ্ধে ।

এই দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে জানমালের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর খুলশী থানাধীন নুরিয়া মাদ্রাসা গলির ৪ নং রোডে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ফুল মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার ও ভুক্তভোগী মোঃ ফুল মিয়া (৪৮) অভিযোগ করে বলেন, রাউজান উপজেলার আখিরখীল গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সাইফুল, মোঃ বেলাল (২৯) ও রফিক প্রকাশ কংকর রফিক সহ একটি সংঘবদ্ধ গ্যাং দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের ওপর জুলুম, অত্যাচার ও চাঁদা দাবির অপচেষ্টা চালিয়ে আসছে । তাঁর বড় ছেলে রবিউল হোসেন (নিপন) একজন ওমান প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা।

ভুক্তভোগী জানান, গত ১৮ই আগস্ট ২০২৬ ইং তারিখে বেলাল ও সাইফুল গ্যাংয়ের ২/৩ জন সশস্ত্র সন্ত্রাসী মোটরসাইকেল যোগে বেআইনিভাবে তাঁর ‘সিদ্দিক আহমদের বাসভবনে’ হানা দেয়। তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সামনে অকথ্য গালিগালাজ ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে গত ২৫শে আগস্ট ২০২৬ ইং তারিখ দুপুর ২:০৮ মিনিটে বিবাদী বেলাল তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল করে মোটা অঙ্কের কাল্পনিক টাকা (চাঁদা) দাবি করে। ফুল মিয়া এই অন্যায় দাবির প্রতিবাদ জানালে সন্ত্রাসী বেলাল রাষ্ট্রীয় আইন ও বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি দেয় যে, চাঁদার টাকা না দিলে কিংবা আইনের আশ্রয় নিলে পরিবারের সদস্যদের যেখানে পাওয়া যাবে, সেখানেই মেরে ফেলে লাশ গুম করে ফেলা হবে।

এই ঘটনার পর জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী ফুল মিয়া ।গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৪০) দায়ের করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, থানায় জিডি করার দুই মাস অতিবাহিত হলেও পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে ওই প্রবাসী পরিবারটি নিজ বাড়িতে চরম অবরুদ্ধ ও মৃত্যু আতঙ্কে দিন কাটাচ্ছে ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ ফুল মিয়া— প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের আকুল দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি অবিলম্বে তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী সাইফুল, বেলাল ও কংকর রফিক গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার এবং একজন রেমিট্যান্স যোদ্ধার পরিবারের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ