
নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) রাতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক টি এস আই যাওয়াদ-এর উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী হাতে পেয়ে খুশি প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, ঈদের সময় এমন সহযোগিতা তাদের পরিবারে স্বস্তি এনে দিয়েছে।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আনন্দ যাতে সবাই ভাগাভাগি করে নিতে পারে, সে চিন্তা থেকেই এই আয়োজন করা হয়।
এ বিষয়ে টি এস আই যাওয়াদ বলেন, “ঈদ মানেই আনন্দ ও সম্প্রীতির উৎসব। কিন্তু সমাজের অনেক মানুষ আছেন, যারা অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের পাশে থাকার শিক্ষা পরিবার থেকেই পেয়েছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে তরুণদের সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
জানা যায়, টি এস আই যাওয়াদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রায়গঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টুর ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।











