শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তিগঞ্জে মসজিদের ভেতরে যুবককে কুপিয়ে জখম

হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের ভেতরে জুমার নামাজ আদায় করার সময় নাহিদ ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আহত নাহিদ ইসলাম উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়ার সাইফুর রহমানের ছেলে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান নাহিদ ইসলাম। নামাজরত অবস্থায় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের রেজাউল, তার ছেলে জাহিন, আফজল, জুনেল, সেবির ও সুবাদসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করা হলে নাহিদ গুরুতর আহত হন।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান বলে জানা গেছে। পরে স্বজন ও স্থানীয়রা আহত নাহিদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত নাহিদের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু অভিযোগ করে বলেন, “পূর্বশত্রুতার জের ধরে আমার ভাইয়ের ওপর বীরগাঁও পশ্চিমপাড়ার রেজাউল, তার ছেলে জুবায়েল মেম্বার, জাহিন এবং আফজল, জুনেল, সেবির, সুবাদসহ বেশ কয়েকজন নামাজরত অবস্থায় হামলা চালায়। তারা রামদা দিয়ে কুপিয়ে আমার ভাইকে গুরুতর জখম করেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অভিযোগের বিষয়ে পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়েল মিয়া বলেন, “মসজিদের ভেতরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে শুনেছি। কীভাবে ঘটনাটি ঘটেছে, এ বিষয়ে আমি কিছু জানি না। কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না।”

ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ