
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সরাইল থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এর মধ্যে কুট্টাপাড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সালমা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার রামপুর মাইজপাড়া এলাকার মৃত ফজলুল হকের মেয়ে। বর্তমানে তিনি আখাউড়া থানার তন্তর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ। এ অভিযানে গ্রেপ্তারকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবনরত অবস্থায় আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—দক্ষিণ আরিফাইলের মজিবুর রহমান (২১), রসুলপুরের আবু সোলায়মান (২২), উত্তর আরিফাইলের মো. আকাশ মিয়া (২৪), সুজন মিয়া (২৪), বেড়তলার আবুল হোসেন, ধামাউড়ার আব্দুল জলিল (২৫), নরসিংহপুরের জাহেদুল ইসলাম (২৬), নোয়াগাঁওয়ের তামিম খান (২৬) এবং বড্ডাপাড়ার ইমরান হোসেন সাদিক (২৪)।
পুলিশের তথ্যমতে, মজিবুর রহমান, আবু সোলায়মান, মো. আকাশ মিয়া ও সুজন মিয়ার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ অভিযানে তামিলকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিরস্ত্র) মো. ইউনুছ মিয়া ও এএসআই (নিরস্ত্র) বেল্লাল হোসেন।
বেড়তলার আবুল হোসেনের কাছ থেকে তিন পুরিয়া গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তার করেন এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ।
ধামাউড়ার আব্দুল জলিলের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাকে গ্রেপ্তার করেন এসআই (নিরস্ত্র) টিপু সুলতান। নরসিংহপুরের জাহেদুল ইসলাম ও নোয়াগাঁওয়ের তামিম খানের কাছ থেকেও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) আরফিন জাহান এবং তামিম খানকে গ্রেপ্তার করেন এসআই (নিরস্ত্র) মনির আহমেদ।
অন্যদিকে, বড্ডাপাড়ার ইমরান হোসেন সাদিকের কাছ থেকে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। তাকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) সুমন মিয়া।
সরাইল থানার অফিসার ইনচার্জ মঞ্জরুল কাদের ভূইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে সরাইল থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।











