
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গতকাল বুধবার বিকেলের নিখোঁজের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার হলো।
বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতের সাগর নিবাস এলাকা থেকে চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুনের (২০) মরদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে একজনের মরদেহ উদ্ধার হলেও এখনো এক পর্যটক নিখোঁজ আছেন।
বুধবার বিকেল ৫টার দিকে হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ৬ পর্যটক।
ফায়ার সার্ভিস কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনার পরপরই ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
মৃত আল মহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩) ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকার এবং আকাশ (২১) চট্টগ্রামের বায়েজিদের বাসিন্দা ছিলেন।
এখনো নিখোঁজ আছেন উত্তরার বাসিন্দা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড় (২২)।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলাইমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, ঢাকার উত্তরা থেকে ৭ পর্যটকের একটি দল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌঁছান। বিকেলে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে গোসল করতে নামেন।
ইউএনও জানান, তাদের কেউই সাঁতার জানতেন না। কিন্তু সাগরে কয়েকজনকে হাবুডুবু খেতে দেখে সাহায্য করতে যান। এ সময় ৭ জনই স্রোতে ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘আজ সকালে একজনের মরদেহ উদ্ধারের পরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’











