
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে খান্দুরা দরবার শরিফের ১৪তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সমাপনী বক্তব্যে আগামী বছর থেকে মাহফিল আয়োজন না করার ঘোষণা দিয়েছেন দরবার শরিফের পীর ও সম্মেলনের ব্যবস্থাপক সৈয়দ রেজাউল কামাল (ওয়াছিম)।
আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরীর অনুপস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে ক্ষোভ ও হতাশা থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন নির্ধারিত স্থানে আয়োজিত সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। দীর্ঘ ১৪ বছরের ঐতিহ্যবাহী আয়োজন বন্ধের ঘোষণায় উপস্থিত ভক্ত ও মুরিদানদের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
তাহেরীর উপস্থিতি নিয়ে জল্পনা ও নিরাপত্তা শঙ্কা
সম্মেলনকে ঘিরে রাতভর মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরীর উপস্থিতি নিয়ে আলোচনা চলতে থাকে। আয়োজকদের পক্ষ থেকে মৌলভীবাজারের মাহফিল শেষে তাঁর মাধবপুরে আসার সম্ভাবনার কথা জানানো হলে ভক্ত-অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাহফিলস্থলের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত অনুষ্ঠানে যোগ দেননি তাহেরী। কাশিমনগর রেললাইন এলাকায় একদল লোক লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে—এমন খবর পাওয়ার পর সম্ভাব্য সংঘাত এড়াতে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে তিনি ফিরে যান বলে জানা গেছে।
মাহফিল বন্ধের ঘোষণা পীরের
সম্মেলনের সমাপনী বক্তব্যে খান্দুরা দরবার শরিফের মরহুম পীর আলহাজ্ব সৈয়দ ইলিয়াসুর রহমানের ছেলে সৈয়দ রেজাউল কামাল (ওয়াছিম) বলেন, “দুঃখভরা ক্লান্ত মনে আপনাদের কাছে বলতে চাই, আমার এই মাহফিলটা আমি এ বছর থেকেই সমাপ্ত করছি। কারণ আমি রাজনীতির লোক নই, রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি মাহফিল রাজনৈতিক উদ্দেশ্যে করতে চাই না এবং কোনো অবস্থাতেই আমার বাড়ির ইজ্জত নষ্ট হতে দেব না।”
তিনি আরও বলেন, “আমি এই ঐতিহ্য আমার বাপ-দাদার কাছ থেকে পেয়েছি। তাঁদের যে আদব-কায়দা ও আদর্শ দেখেছি, আমরা তেমন হতে পারিনি। বাপ-দাদার ইজ্জত রক্ষা করতে গিয়ে এ বছর থেকেই আমি মাহফিল বন্ধ করে দিচ্ছি। দীর্ঘ ১৪ বছর ধরে অনুষ্ঠানটি করতে গিয়ে প্রতিবারই ঝামেলা পোহাতে হয়েছে। আমি আর এগুলো নিতে পারছি না, আমি ক্লান্ত। খান্দুরা বাড়ির যাতে আমার জন্য কোনো বদনাম না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত।”
ভক্ত ও মুরিদানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমরা তরিকতের লোক। আমাদের চিন্তা-চেতনা থাকতে হবে আল্লাহ এবং রাসূলের (সা.) দিকে। আমরা রাজনীতিমুখী হয়ে যাচ্ছি, কিন্তু আমি রাজনীতি করতে চাই না, আমি চাই তরিকতমুখী হতে। আমার বাপ-দাদা ও চাচারা হয়তো কবর থেকে আমার এই মাহফিল বন্ধের সিদ্ধান্তে খুশি হবেন।”
বক্তব্য শেষে তিনি মাইক্রোফোনটি তাঁর চাচাতো ভাই পীর সৈয়দ জুবায়ের কামালের হাতে তুলে দেন। পরে সৈয়দ জুবায়ের কামালের পরিচালনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
রাজনৈতিক বিরোধ ও প্রশাসনের মধ্যস্থতা
উল্লেখ্য, খান্দুরা হাবেলীর পীর আলহাজ্ব সৈয়দ মোনাওয়ার বখত (রিহা)-এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুফতি জাহাঙ্গীর আলম মোজাহিদী এবং প্রধান বক্তা ছিলেন হাফেজ মুহাম্মদ ওয়ালী উল্লাহ আশেকী। এ ছাড়া অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সম্মেলনের প্রচারপত্রে বিশেষ বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরীর নাম প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কাশিমনগর বাজারে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তাহেরীকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণার কথাও জানানো হয়।
এদিকে শিক্ষা বোর্ডের নির্দেশনার কারণে বিদ্যালয় মাঠ ব্যবহারের অনুমতিও বাতিল করা হয়েছিল বলে জানা গেছে। পরে শনিবার রাতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও ওসি সোহেল রানার মধ্যস্থতায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে তাহেরীকে ছাড়াই বিদ্যালয় মাঠসংলগ্ন স্থানে শান্তিপূর্ণভাবে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।
দীর্ঘ ১৪ বছরের ঐতিহ্যবাহী এই আয়োজনের ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে পীর সৈয়দ রেজাউল কামালের ঘোষণার পরও ভবিষ্যতে মাহফিলটি পুনরায় আয়োজন করা হবে কি না, সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।











