
যায়যায়কাল প্রতিবেদক: ২০২৬-২৭ করবর্ষের ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আজ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে বুধবার (২২ জুলাই) এ সুবিধা চালু করা হয়েছে।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। করদাতাদের www.etaxnbr.gov.bd সিস্টেমে প্রবেশ করে রিটার্ন জমা দিতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্নের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, সনদপত্রের ভিত্তিতে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।
এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগুজে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
যেভাবে কর পরিশোধ করবেন
ই-ট্যাক্স প্ল্যাটফর্মে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন সফলভাবে জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাবে।
আগে রিটার্ন দিলে করছাড়
এনবিআর জানিয়েছে, ২০২৬-২৭ করবর্ষ থেকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাওয়া যাবে।
তবে সেপ্টেম্বরের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এ প্রণোদনা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।











