শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আ’লীগ নেতাকে প্রত্যয়নপত্র: সরাইলে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদককে শোকজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পদধারী নেতা মো. আলমগীর হোসেনকে বিএনপির সমর্থক দাবি করে প্রত্যয়নপত্র দেয়ার ঘটনায় কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়াকে শোকজ করেছে সরাইল উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, মো. আলমগীর হোসেন আওয়ামী লীগের একাধিক কমিটির পদে থাকার পাশাপাশি গত বছরের ১২ ডিসেম্বর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কালিকচ্ছ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন—এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা সত্ত্বেও বিষয়টি জেনে-বুঝে দলীয় শৃঙ্খলা অমান্য করে তাকে বিএনপির সমর্থক দাবি করে প্রত্যয়ন দেওয়া হয়েছে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শোকজের বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “দলের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা নেতার কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক—এটি কোনোভাবেই কাম্য নয়। কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা ও প্রাসঙ্গিক বিষয়গুলো বিবেচনা করেই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা আরও জোরালো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ