মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এনসিপির সভায় বিস্ফোরণ অনাকাঙ্ক্ষিত, তদন্তে তিন সদস্যের কমিটি: জেলা পুলিশ সুপার

সাভার প্রতিনিধি: সাভারে এনসিপির সভামঞ্চে ককটেল বিস্ফোরণের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।

তিনি জানান, এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান তিনি।

তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সেটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত। খবর পাওয়ার পর আমি নিজে এসপি ঢাকা থেকে এখানে চলে এসেছি। ওনাদের পদযাত্রা কর্মসূচিতে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।’

‘তাদের পাকিজা মোড় থেকে রিসিভ করে সামনে-পেছনে নিরাপত্তা দিয়ে এখানে আনা হয়। আনার পর আমরা যতটা জানতে পেরেছি, বক্তৃতা চলাকালে হঠাৎ করে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত, হওয়ার কথা না। পুলিশ সেখানে ছিল। সাভারের ওসি, সার্কেল এসপি সেখানে ছিলেন। তারা সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা এনসিপির নাহিদ, সারজিসসহ শীর্ষ নেতাকর্মীদের নিরাপত্তা দিয়েছেন,’ বলেন এসপি।

তিনি আরও বলেন, ‘তারা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করে। এরপর পুলিশি নিরাপত্তায় গাড়িতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তারা সাভার মডেল থানায় আছেন। এজেহার দেওয়ার জন্য কাজ করছেন। পুলিশও সেখানে আছে।’

‘আমরা তদন্ত করে দেখছি। ইতোমধ্যে সাভার অতিরিক্ত সার্কেল এসপিকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। মামলা হলে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, যে বা যারা থাকুক, অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে,’ বলেন তিনি।

সভা শুরুর আগে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে এসপি বলেন, ‘আপনারা আরেকটি বিষয় জানতে পেরেছেন, তৎক্ষণাৎ এখানে বিদ্যুৎ চলে যায়। সেই বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেছি। এটাকেও সন্দেহের বাইরে রাখছি না। কোথাও কোনো কিছুই আমরা সন্দেহের বাইরে রাখছি না।’

তার ভাষ্য, ‘আমরা তদন্ত করে অবশ্যই দোষীদের খুব দ্রুত আইনের আওতায় আনব। তদন্তের অনেক বিষয় থাকে। কোনো কিছুই আমরা সন্দেহের বাইরে রাখি না। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেল, এরপরই বিস্ফোরণ ঘটল—বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

এসপি জানান, তদন্ত কমিটির প্রধান হবেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর সার্কেল) জাহাঙ্গীর আলম। এ ছাড়া সার্কেল এসপি রাকিবুল ইসলাম ইশান ও থানার ওসি নূর মোহাম্মদকে সদস্য করে আপাতত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে।

তিনি আরও বলেন, ‘তারা আমাদের কাছে লিখিতভাবে জানিয়েছিল, পদযাত্রা শেষে এখানে এসে বক্তব্য রাখবেন। পদযাত্রা শেষে তাই তাদের রিসিভ করে এখানে নিয়ে আসা হয়। তারা সন্ধ্যা ৬টার সময়ের অনুমতি চেয়েছিলেন। তখন আসবেন, বক্তব্য দেবেন। কিন্তু পৌনে ৯টার দিকে আসেন। অর্থাৎ রাত ৮টা ৪৫ মিনিটে সভাস্থলে পৌঁছান। এরপর বক্তব্য শুরু করেন। বক্তব্য শুরু করার পরই বিদ্যুৎ চলে যায়। ফলে পূর্ব অনুমতি সন্ধ্যা ৬টার জন্য দেওয়া ছিল, কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় রাত ৯টার দিকে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ