রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কুমিল্লার ৩,৭০৯ সড়ক অনুমোদন

জহিরুল হক রাসেল, কুমিল্লা: কুমিল্লার গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। দীর্ঘদিন ধরে আইডিভুক্তির অপেক্ষায় থাকা জেলার ৩ হাজার ৭০৯টি সড়ক, যার মোট দৈর্ঘ্য ৩ হাজার ৩৭৫ দশমিক ৭৭৫ কিলোমিটার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন পেয়েছে। এর মধ্য দিয়ে জেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতাধীন সড়কগুলোর মালিকানা ও দায়দায়িত্ব নির্ধারণ, শ্রেণিবিন্যাস এবং সড়ক নেটওয়ার্কের তালিকা হালনাগাদের অংশ হিসেবে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ৩ হাজার ৪১২টি সড়ক, যার মোট দৈর্ঘ্য ৩ হাজার ১৮ দশমিক ৩৭০ কিলোমিটার, অনুমোদনের পর তালিকাটি গেজেটে প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির ব্যবস্থা নেওয়া হয়। একই প্রক্রিয়ায় দেশের ১৭টি জেলার মোট ৯ হাজার ৮২৩টি সড়ক, যার দৈর্ঘ্য ১৮ হাজার ৮৮৮ দশমিক ৪৩৮ কিলোমিটার, আইডিভুক্তির জন্য অনুমোদিত হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কুমিল্লা জেলার আরও ২৯৭টি সড়ক, যার মোট দৈর্ঘ্য ৩৫৭ দশমিক ৪০৫ কিলোমিটার, আইডিভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।

এলজিইডি কুমিল্লার জন্য এ অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে আইডিভুক্তির অপেক্ষায় থাকা সড়কগুলো অনুমোদন পাওয়ায় ভবিষ্যতে এসব সড়কের উন্নয়ন, পুনর্বাসন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও পরিকল্পিতভাবে গ্রহণ করা সম্ভব হবে। এর ফলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন (বাবলু) বলেন, কুমিল্লা জেলার ৩ হাজার ৭০৯টি সড়ক, যার মোট দৈর্ঘ্য ৩ হাজার ৩৭৫ দশমিক ৭৭৫ কিলোমিটার, এলজিইডির সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্তির জন্য অনুমোদিত হয়েছে। এটি জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি আরও বলেন, এসব সড়ক আইডিভুক্তির ফলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নির্বাহী প্রকৌশলী বলেন, এ অর্জনের পেছনে সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুস শাকেরসহ এলজিইডি কুমিল্লার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক সমন্বয়ের মাধ্যমে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুমিল্লা জেলার ৩ হাজার ৭০৯টি সড়ক আইডিভুক্তির অনুমোদন পাওয়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি কুমিল্লার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *