বৃহস্পতিবার, ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলাকারী এসআই সৈয়দ আলম বাকলিয়া থানায়, ক্ষোভ তুঙ্গে

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলাকারী এবং টেকনাফ-চট্টগ্রাম রুটের ভয়ংকর ইয়াবা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম হোতা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিতর্কিত উপ-পরিদর্শক (এসআই নিরস্ত্র) সৈয়দ আলমের বিরুদ্ধে দৈনিক যায়যায়কাল পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তাঁর চরম ঔদ্ধত্যপূর্ণ ও দাম্ভিক বক্তব্য ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিজের অপরাধ ঢাকতে ও গণমাধ্যমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসআই সৈয়দ আলম প্রকাশ্যেই দম্ভোক্তি করে বলেছেন, “এসব নিউজ বা সংবাদে আমার কিছুই যায় আসে না। এ রকম দু-চারটি পত্রিকা আমি সবসময় পকেটে রাখি।”

একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মুখে গণমাধ্যম ও জনমতকে তোয়াক্কা না করার এমন চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য চট্টগ্রামের সচেতন মহল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সবচেয়ে বেশি আগ্রাসী, সহিংস ও দমন-পীড়নমূলক ভূমিকা পালনকারী সিএমপির যে তালিকা ও বিবরণ সামনে এসেছে, তাতে পতেঙ্গা ও আকবরশাহ থানার কর্মকর্তাদের পাশাপাশি এসআই সৈয়দ আলমের নামও প্রথম সারিতে রয়েছে। তৎকালীন গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার এবং তাদের ক্যাডার বাহিনী ছাত্রলীগ-যুবলীগের প্রত্যক্ষ সহযোগী হিসেবে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজপথে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি চালানো এবং পরবর্তীতে গণগ্রেপ্তারের ভয় দেখিয়ে বাণিজ্য করার সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান বিভাগীয় বা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

গণঅভ্যুত্থানের পর সিএমপির একাধিক বিতর্কিত ও অতি-উৎসাহী পুলিশ কর্মকর্তার রদবদল বা বদলি সম্পন্ন হলেও, সৈয়দ আলমকে কার ইশারায় বাকলিয়া থানায় বহাল রাখা হয়েছে, তা নিয়ে সিএমপির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বদলি প্রক্রিয়ার স্বচ্ছতা মারাত্মক প্রশ্নের মুখে পড়েছে।

কক্সবাজারের রামু এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ার সুবাদে এসআই সৈয়দ আলম (বিপি নং ৭১৯১০৫২০৫১) টেকনাফ ও কক্সবাজারের শীর্ষ মাদক চোরাচালানিদের সাথে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। পুলিশের পরিচয় ও পোশাককে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি ইয়াবার বড় বড় চালান নিরাপদে চট্টগ্রামে পৌঁছানোর ব্যবস্থা করেন এবং এর বিনিময়ে লভ্যাংশের সিংহভাগ হাতিয়ে নেন বলে দৈনিক যায়যায়কাল-এর প্রতিবেদনে উঠে এসেছে।

ডবলমুরিং থানা থেকে বদলি হয়ে ২০২৪ সালের ১০ ডিসেম্বর বাকলিয়া থানায় যোগদানের পর থেকেই এসআই সৈয়দ আলম বাকলিয়া ও আশপাশের এলাকায় এক আতঙ্কের নাম হয়ে উঠেছেন। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গভীর রাতে নিরীহ তরুণদের আটক করে মাদক দিয়ে চালানের ভয় দেখানো এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

একজন সাধারণ সাব-ইন্সপেক্টরের সরকারি সীমিত বেতনের বাইরে এসআই সৈয়দ আলমের নামে-বেনামে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য মিলেছে। চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্ল্যাট, জমি এবং বিলাসবহুল জীবনযাপনের পেছনে মূলত ইয়াবা সিন্ডিকেটের লভ্যাংশ এবং সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে নেওয়া ঘুষের টাকা বিনিয়োগ করা হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।

দেশের প্রচলিত আইন, পুলিশ রেগুলেশন অব বেঙ্গল (পিআরবি) এবং সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, ছাত্র-জনতার ওপর হামলাকারী এবং মাদক সম্পৃক্ততার মতো গুরুতর ফৌজদারি অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও এসআই সৈয়দ আলমের মতো একজন বিতর্কিত অফিসার থানায় বহাল থাকা ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের শামিল। অপরাধী, খুনি ও মাদক ব্যবসায়ীদের রক্ষক কখনো আইনশৃঙ্খলার রক্ষাকারী হতে পারে না।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদান ও আহতদের রক্তের প্রতি সম্মান জানিয়ে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি রক্ষা করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে নিম্নলিখিত জরুরি দাবি জানিয়েছেন আন্দেলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা।

তাদের দাবি: ১. ছাত্র-জনতার ওপর হামলাকারী ও বিতর্কিত এসআই সৈয়দ আলমকে অবিলম্বে বাকলিয়া থানাসহ সিএমপি থেকে প্রত্যাহার, সাময়িক বরখাস্ত করতে হবে।

২. পুলিশ সদর দপ্তর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

৩. জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা, মাদক সিন্ডিকেটের সাথে জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখে এবং আড়াই কোটি টাকার অবৈধ সম্পদের উৎস নিশ্চিত করে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি শাস্তির ব্যবস্থা করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ