
মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর বাদাউড়া এলাকায় উৎসবের আমেজ বিরাজ করেছে।
শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই নদীর দুই তীরে ভিড় করেন হাজারো দর্শক। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষ এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত হন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বাহারি নামের নৌকাগুলোর মাঝিরা গানের তালে তালে করতাল ও ঝাঞ্জের শব্দের সঙ্গে তাল মিলিয়ে একযোগে বৈঠা চালালে পুরো নদীজুড়ে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। নদীর বুকে প্রতিযোগিতার উত্তেজনা আর দুই তীরের দর্শকদের উচ্ছ্বাস মিলিয়ে নৌকা বাইচ পরিণত হয় এক প্রাণবন্ত লোকজ উৎসবে।
এবারের প্রতিযোগিতায় মোট ১৮টি নৌকা অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য নৌকাগুলোর মধ্যে ছিল— আকিলশাহ তরী-১, আকিলশাহ তরী-২, ঈশানের তরী, আইয়ুবশাহ তরী, ডালিয়া তরী, জল পবন, মনোর তরী (মৌলভীবাজার), পঙ্খিরাজ, সোনার তরী এবং আব্দুল কাদের।
স্থানীয়দের ভাষ্যমতে, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। প্রতিবছরের মতো এবারও এই আয়োজনকে ঘিরে মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং লোকজ সংস্কৃতিকে সংরক্ষণ করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।











