শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জ্বালানি লোডিংয়ের অনুমতি পেল রূপপুর বিদ্যুৎকেন্দ্র

যায়যায়কাল প্রতিবেদক: অবশেষে সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

বৃহস্পতিবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর মাধ্যমে কেন্দ্রটির প্রথম ইউনিটটি জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন।

প্রসঙ্গত, জ্বালানি লোডিং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন ও পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এপ্রিল মাসের শেষ সপ্তাহে হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর প্রায় তিন মাসের মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ৭ এপ্রিল রূপপুর প্রকল্পে প্রথম ইউনিটে জ্বালানি লোডের সময় নির্ধারণ করা হলেও পরবর্তীতে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কিছুটা সমস্যা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে লোডিং শুরু করা যায়নি। তবে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রকল্প এলাকা ঘুরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করার পর লাইসেন্স দেওয়া হয় বলে জানিয়েছে রূপপুর প্রকল্প ও মন্ত্রণালয়ের একাধিক সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহিদুল হাসান বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেই জ্বালানি লোড করা প্রস্তুতি নিয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ