মঙ্গলবার, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

টানা ভারী বৃষ্টি: ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ

বান্দরবান প্রতিনিধি: টানা দুই দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢল, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে বান্দরবানে।

তাই পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার রাত ৯টার দিকে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময়ে বান্দরবানের সব পর্যটনকেন্দ্রের পাশাপাশি ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

এ দিকে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ি ঢল, ভূমিধস ও যোগাযোগব্যবস্থায় আরও ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ