
তরিকুল ইসলাম আপন, দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহমুদ হাসান (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
তিনি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান তিনি।
জানা যায়, দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় শনিবার (১৬ মে) দিবাগত রাতে কর্মস্থল থেকে ফেরার পথে নিজে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান মাহমুদ হাসান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি বাস স্টপেজে সজোরে ধাক্কা দিলে গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাহমুদ হাসান সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছিলেন। তিনি ডেজিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তার মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। এই আকস্মিক মৃত্যুতে দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রবাসীদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসও সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিদেশের মাটিতে জীবন, কাজ, পড়াশোনা, সময়ের চাপ, নতুন ড্রাইভিং অভিজ্ঞতা, ক্লান্তি আর দ্রুতগতির সমীকরণটা অনেক সময় নির্মম হয়ে ওঠে। রাস্তা কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না।











