শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে ভূমি অফিসের গাড়িচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তিন বছরেও হয়নি নামজারি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা ভূমি অফিসের এক গাড়িচালকের বিরুদ্ধে নামজারি করে দেওয়ার আশ্বাসে ১৫ হাজার ৮০০ টাকা গ্রহণ এবং প্রায় তিন বছর ধরে দুই ব্যক্তিকে হয়রানি করার অভিযোগ উঠেছে।

টাকা নেওয়ার পরও নামজারির কাজ সম্পন্ন না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা ফেরত না দেওয়ার অভিযোগে গাড়িচালক বিপ্লব বর্মনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী হুমায়ূন কবির।

৮ নভেম্বর দাখিল করা ওই অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের তারেক মাহমুদের নামে দুটি জমির নামজারি জরুরি ভিত্তিতে করে দেওয়ার আশ্বাস দেন বিপ্লব বর্মন। এ বিষয়ে আলোচনার একপর্যায়ে তিনি তাঁদের নিজের ভাই বিজয় বর্মনের দোকানে নিয়ে অনলাইনে নামজারির আবেদন করার ব্যবস্থা করেন। পরে বিকাশ ও নগদের মাধ্যমে তাঁদের কাছ থেকে মোট ১৫ হাজার ৮০০ টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী হুমায়ূন কবিরের অভিযোগ, টাকা গ্রহণের পর প্রায় তিন বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত নামজারির কাজ সম্পন্ন হয়নি। এমনকি তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা কোনোটিই ফেরত দেওয়া হয়নি। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ ও তাগাদা দেওয়া হলে প্রতিবারই টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি।

সরকারি ভূমি অফিসের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মচারীর বিরুদ্ধে নামজারি করে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ধরনের কর্মকাণ্ড ভূমি সেবার স্বচ্ছতা ও সাধারণ মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা ফেরত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত বিপ্লব বর্মনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজীব সাহা বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ