সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দীর্ঘ ১৪ বছরের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ দক্ষিণ কোরিয়া বিএনপি: আনোয়ার হোসেন খোকন

তরিকুল ইসলাম আপন, দক্ষিণ কোরিয়া: দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্য, গ্রুপিং ও সাংগঠনিক বিভক্তির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিণ কোরিয়া শাখা। দীর্ঘ ১৪ বছরের বিভেদ ভুলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও আগামী দিনের রাজনৈতিক পথচলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জাইকা রেস্টুরেন্টে দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া বিএনপি দুটি পৃথক গ্রুপে বিভক্ত ছিল। এই বিভক্তি, দ্বিধাদ্বন্দ্ব ও সাংগঠনিক বিরোধ নিরসনে এর আগে একাধিক দফায় বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ৭ নভেম্বরের এই আলোচনা সভায় দীর্ঘদিনের বিভেদ ভুলে পারস্পরিক মতপার্থক্যের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নেতাকর্মীরা একমত হন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ধারক-বাহক। তিনি আরও বলেন, জিয়া পরিবারের রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ। দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজল বলেন, দলের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং দলের সব সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করে তিনি দক্ষিণ কোরিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করে যাবেন। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া বিএনপিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত ও সুসংগঠিত করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। দলের সাংগঠনিক স্বার্থে কেন্দ্রীয় নেতৃত্বের সব সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

এ ছাড়া সভায় বক্তব্য দেন দক্ষিণ কোরিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবির হাসিব ও সেলিম রেজা রাজিব, যুগ্ম সদস্য সচিব ইমন রহমান অহি ও রুবেল খান। তাঁরা প্রত্যেকেই দলের সিদ্ধান্ত, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেন। দলের বৃহত্তর স্বার্থে পারস্পরিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব হারুনুর রশিদ হিরণ। এ সময় দক্ষিণ কোরিয়া বিএনপির আহব্য়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের বিভক্তি কাটিয়ে দক্ষিণ কোরিয়া বিএনপির নেতাকর্মীদের এই ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগকে প্রবাসে দলটির সাংগঠনিক রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, পারস্পরিক বিভেদ ও ভুল বোঝাবুঝির অবসানের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দলের সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ