শুক্রবার, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা বরদাশত করা হবে না: জমির উদ্দিন নাহিদ

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নম্বর গেট মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল।

১০ নভেম্বর (মঙ্গলবার) সকালে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আলম শফি। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মো. নুরুল কবির পলাশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে এবং ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক অপশক্তি তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।

জমির উদ্দিন নাহিদ আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনে সবাইকে কাজ করতে হবে। কোনো ধরনের উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে রাজনৈতিক সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, নগরীর ১৫টি থানা ও ৪৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে সব ধরনের অপচেষ্টা প্রতিহত করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল ও কামরুল হাসান। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সদস্য আব্দুল মান্নান, জাফর হোসেন রনি, ইব্রাহিম খলিল, খোরশেদ আলম টিটু ও জাবেদ শাফায়াত সোবহান।

এ সময় বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ