শনিবার, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পরমানন্দপুরে মাদকমুক্ত সমাজ গঠনের জোর দাবি এলাকাবাসীর

এস এম পারভেজ আলম আদেল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর শতাধিক গ্রামবাসীর অংশগ্রহণে একটি মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জজ মিয়া এবং সঞ্চালনায় ছিলেন আঙুর মিয়া।

এতে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আবির মিয়া, আবুল কালাম, সরদার সৈকত মিয়া, আলফাজ মেম্বার, সমসো মিয়া ও খোকন মিয়া। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এখনই সম্মিলিতভাবে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবনের পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় মাদকের বিস্তার বেড়েছে এবং তরুণদের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশি মদ ও নারীদের নিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগও তোলেন তারা।

বক্তারা আরও বলেন, মাদকসেবীদের একটি অংশ বিভিন্ন সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে এবং মোবাইল ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে অনেকেই নিরাপত্তাহীনতার কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরমানন্দপুর গ্রামকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ