সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পলিথিন বন্ধে কঠোর বার্তা: ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীদের সতর্ক করলেন জেলা পরিষদ প্রশাসক

পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: পরিবেশ রক্ষা ও পলিথিনের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনবিরোধী প্রচারণা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পরিষদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শহরের জগৎ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন করা হয়।

কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ নিজ হাতে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও কাগজের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষ সচেতন হয়ে পলিথিন ব্যবহার বন্ধ করলে এবং ব্যবসায়ীরা পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ বন্ধ করলে এর ব্যবহার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”

ব্যবসায়ীদের সতর্ক করে তিনি আরও বলেন, “আজ আমরা সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আগামীতে কোনো দোকানদার পলিথিন ব্যবহার, বিক্রি কিংবা মজুত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় ব্যবসায়ীসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীরা পলিথিনবিরোধী এ উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান তারা।

পলিথিনবিরোধী প্রচারণায় সামাজিক সংগঠন ‘ঢেউ’, ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’ ও ‘নোঙর’-এর নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। তারা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে লিফলেট বিতরণের পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে পলিথিনের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ