
মো .হাসান ভূঁইয়া, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো.জাহাঙ্গীর ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও সাইফুর রহমান টিটুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সমাজসেবা অধিদপ্তর সিলেট কার্যালয়ের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলী, ফারুক আহমেদ, আক্তার হোসেন, মহিউদ্দিন, অলিউল্লাহ ও শামসু উদ্দিন সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবদান ও শিক্ষাক্ষেত্রে তাদের নিষ্ঠার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতিচারণ, শুভকামনা ও ভালোবাসায় ভরে ওঠে এক আবেগঘন পরিবেশ।











