
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধবপুর শাখা কোনো ব্যক্তির হাতে লিজ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস, মাস্তানি ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কুটুমবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধবপুর শাখা কোনো ব্যক্তির হাতে আমরা লিজ দেইনি। আমি পরিষ্কার হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, স্ট্রেইট অর্ডার দিয়ে আমি তাকে গ্রেপ্তার করিয়ে নিয়ে যাব।”
তিনি বলেন, “কেউ যদি কোনো মাস্তানি-চাঁদাবাজি করেন, আমি পরিষ্কার হুঁশিয়ার করে বলে দিতে চাই—মাধবপুর থেকে তুলে নিয়ে যাব। অতএব খুব সাবধান। কারও প্রতি কোনো অত্যাচার করবেন না, চাঁদাবাজি করবেন না।”
বিএনপির নাম ব্যবহার করে কোনো বিশেষ ব্যক্তির পাশে বসে অনুষ্ঠানে অংশ নেওয়ার পর চাঁদাবাজিতে জড়ানোর বিষয়েও সতর্ক করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমিনুল ইসলাম বলেন, সাধারণ মানুষ একই অভিযোগ বারবার দিতে থাকলে একসময় আর বসে থাকা হবে না।
তিনি আরও বলেন, দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন কোনো কাজ কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











