মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নিল বিষাদে, হাজারো মানুষের কান্নায় বিদায় ঈদগাঁওয়ে নিহত ৪ জনের

মোঃ ওসমান গনি, কক্সবাজার: বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কনের ভাই-বোন, মামা ও মাইক্রোবাসচালকসহ চারজনের জানাজায় লাখো মানুষের ঢল নামে।

সোমবার ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ ও আশপাশের এলাকা। স্বজনদের আহাজারি আর হাজারো মানুষের চোখের জলে ভারী হয়ে ওঠে ঈদগাঁওয়ের পরিবেশ।

চট্টগ্রামের আগ্রাবাদে বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ঈদগাঁওয়ের উদ্দেশে ফিরছিল মাইক্রোবাসটি। কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষে একে একে প্রাণ হারান চারজন।

নিহতরা হলেন ঈদগাঁওয়ের মাইজপাড়ার মনজুর আলমের সন্তান রিয়াজ মোর্শেদ ও মিমতাহ, তাদের মামা ফেরদৌস আলম ফিরোজ এবং মাইক্রোবাসচালক হাসান মাহমুদ মুন্না। একই পরিবারের দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার ও স্বজনরা।

দুর্ঘটনায় কনের বাবা মনজুর আলম, মা নিলুফা ইয়াসমিনসহ পরিবারের আরও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত মনজুর আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সোমবার রাত নয়টার সময় ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চারজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষ অংশ নেন। প্রিয়জনদের শেষ বিদায় জানাতে আসা মানুষের ভিড়ে পুরো এলাকা পরিণত হয় শোকের জনসমুদ্রে। স্বজনদের কান্না ও আহাজারিতে তৈরি হয় হৃদয়বিদারক পরিবেশ।

জানাজা শেষে রিয়াজ মোর্শেদ, মিমতাহ ও ফেরদৌস আলম ফিরোজকে ঈদগাঁওয়ের মাইজপাড়া এলাকার কবরস্থানে দাফন করা হয়। আর মাইক্রোবাসচালক হাসান মাহমুদ মুন্নাকে তাঁর নিজ এলাকা নতুন অফিস এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

একটি বিয়েকে ঘিরে যে পরিবারে ছিল আনন্দের আয়োজন, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই পরিবারেই নেমে আসে শোকের ছায়া। বিয়ের বাড়ি থেকে ফেরার পথেই থেমে যায় চারটি জীবন। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা ও শেষ বিদায়ের মধ্য দিয়ে ঈদগাঁওবাসী অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন চারজন প্রিয় মানুষকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ