বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ওভারব্রিজ মাটি দিয়ে ভরাট না করে পিলারের ওপর আধুনিক ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মাধবপুর ওভারব্রিজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ওভারব্রিজটি মাটি দিয়ে ভরাট করে নির্মাণ করা হলে মাধবপুর শহর কার্যত দুই ভাগে বিভক্ত হবে। এতে যানজট বাড়বে, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের চলাচলে দীর্ঘমেয়াদি দুর্ভোগ সৃষ্টি হবে। তাই জনস্বার্থে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তারা।

মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, “মাটি দিয়ে ভরাট করে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জনস্বার্থে পিলারের ওপর ফ্লাইওভার নির্মাণ করতে হবে।”

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, “মাধবপুরবাসী সব সময় ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করেছে। এবারও জনস্বার্থে আমরা মাঠে নেমেছি।”

মানববন্ধনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, মাধবপুর বাজার কমিটির সভাপতি এমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সিরাজুল ইসলাম তানজিল, আর এইচ মাসুমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা “আমাদের দাবি একটাই, পিলারের মাধ্যমে ফ্লাইওভার চাই”, “মাটি দিয়ে ভরাট করা চলবে না” এবং “উন্নয়ন চাই, তবে দুর্ভোগ চাই না”—এ ধরনের স্লোগান দেন।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন। এ সময় ইউএনও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।

আন্দোলনকারীরা বলেন, জনস্বার্থে পিলারের ওপর আধুনিক ফ্লাইওভার নির্মাণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ