
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ।
সাধারণ সম্পাদক হয়েছেন হারুন অর রশিদ (গোলাপ) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাহিদ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুরুল হক টিপু এবং সদস্য সচিব জয়নাল আবেদীন জালাল স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ দুই বছর।
নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান সোহাগ এক প্রতিক্রিয়ায় দায়িত্ব দেওয়ায় জেলা কমিটির আহ্বায়ক নুরুল হক টিপু ও সদস্য সচিব জয়নাল আবেদীন জালালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ছাড়া তিনি হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ এস এম ফয়সল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানের প্রতিও কৃতজ্ঞতা জানান। তাঁদের সহযোগিতা ও দিকনির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন। সংগঠনের কার্যক্রম পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মাহবুবুর রহমান সোহাগ দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি একাধিকবার মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে ওই দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।











