
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে এক গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল এসেছিল ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর বিলটি সংশোধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। সংশোধিত হিসাবে ওই মাসের বিল দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ টাকা।
গ্রাহকের নাম শহীদুল ইসলাম রনি। তিনি চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়ির বাসিন্দা। বাড়ির মৃত আবু তাহেরের নামে থাকা বিদ্যুৎ মিটারটি ব্যবহার করেন তাঁর নাতি শহীদুল ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) রাতে পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমান গ্রাহকের বাড়িতে গিয়ে সংশোধিত বিলের কপি পৌঁছে দেন। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
সমিতির দেওয়া বিলে সেপ্টেম্বর মাসের ভ্যাট ও বিলম্ব মাশুলসহ মোট ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা উল্লেখ করা হয়েছিল। অথচ আগের মাস আগস্টে তাঁর বিদ্যুৎ বিল ছিল মাত্র ১ হাজার ৩২৬ টাকা।
শহীদুল ইসলাম জানান, তাঁর ঘরে কয়েকটি বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ ও আইপিএস ব্যবহার করা হয়। এর বাইরে ভারী কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নেই। আগের পাঁচ মাসে তাঁর গড় বিদ্যুৎ ব্যবহার ছিল ১৮৭ ইউনিট। কিন্তু সেপ্টেম্বর মাসের বিলে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয় ৬ হাজার ইউনিট।
পল্লী বিদ্যুতের বিল প্রস্তুতের দায়িত্বে থাকা কর্মীদের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে এমন ভুতুড়ে বিল তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।











