
যায়যায়কাল প্রতিবেদক: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেড় মাস আগে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।
হাসপাতালটির লাইসেন্স বাতিলের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। তবে হাসপাতালটিকে সরকারের পক্ষ থেকে তিনটি শর্ত দেওয়া হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে।
গত ২৭ মে ঢাকার বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনার মুখে ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে আজ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। সেই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে আবার কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলো।
আদ্-দ্বীন হাসপাতালকে দেওয়া তিন শর্ত হচ্ছে—১. দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২–এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে; ২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং ৩. লাইসেন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে।











